নারায়ণগঞ্জে ১০০ কার্টন সুতা উদ্ধার, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ শহরের দুটি স্থানে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০০ কার্টন সুতা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুয়া ব্যাংক ঋণপত্র (এলসি) ও পে--অর্ডারের মাধ্যমে ধামরাইয়ের একটি কারখানা থেকে এই মালামাল হাতিয়ে নিয়েছিল প্রতারক চক্রটি।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন লোকমান হোসেন, জামাল ও মোশাররফ। এসময় আলম, টিটু ও মোস্তফা কামাল নামে তিনজন পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাব--১১ এর লেফটেন্যান্ট মো. মাহতাব আলী জানান, প্রতারক চক্রটি গত ১৬ মে ধামরাইয়ের রপ্তানিমুখী আলহাজ্ব করিম টেক্সটাইল মিলস লি. এর কারখানা থেকে ভুয়া ব্যাংক ঋণপত্র ও পে--অর্ডারের মাধ্যমে ১০ লাখ টাকা মূল্যের ১০০ কার্টন সুতা হাতিয়ে নেয়। পরে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ যাচাই করে ব্যাংক ঋণপত্র ও পে--অর্ডারের বিষয়টি প্রমাণ হলে ধামরাই থানায় মামলা দায়ের করে।
র্যাব--১১ এর সদস্যরা খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জের টানবাজারের হাবিব কমপ্লেক্সের চার তলার একটি গুদাম থেকে ৬০ কার্টন এবং বঙ্গবন্ধু সড়কে হাজী নাসিরের গুদাম থেকে অবশিষ্ট ৪০ কার্টন সুতা উদ্ধার করে। এ সময় দুটি গুদাম থেকে তিনজনকে আটক করে তারা।
আটককৃতদের ধামরাই থানায় সোপর্দ করা হয়েছে।
