রাজশাহী মেডিকেলের চিকিৎসকরা কাজে যোগ দিলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ধর্মঘটী শিক্ষানবিশ চিকিৎসকরা কাজে যোগ দিলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। জরুরি ওয়ার্ডগুলোতে চিকিৎসা কার্যক্রম চললেও অন্যান্য ওয়ার্ডে ঢিমেতালাভাবেই চলছে সবকিছু। শুক্রবার সকালে গিয়ে রোগীদের তেমন একটা ভিড় চোখে পড়েনি। হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার এক রোগীর আত্মীয়ের সঙ্গে হাতাহাতির জের ধরে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করলে বিনা চিকিৎসায় পাঁচজন রোগী মারা যায়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম একেবারেই ভেঙে পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের কাজে যোগদানের নোটিশ দেয় এবং এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার বজলে কাদেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি হাসপাতালে সব শিক্ষানবিশ চিকিৎসক কাজে যোগ দিয়েছেন বলে জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা কার্যক্রমও স্বাভাবিক হয়ে এসেছে।
তবে হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে সব ধর্মঘটী চিকিৎসককে কাজে যোগদানের নোটিশ দিলে রাত ৮ টার দিকে ২২ নম্বর ওয়ার্ডে মাত্র তিনজন চিকিৎসক কাজে যোগ দেন। পরে রাত সাড়ে ১১ টার দিকে জরুরি ওয়ার্ডগুলোতে আরও ১২/১৩ জন কাজে যোগ দেন। সকালের শিফটে আরও কয়েকজন যোগ দেওয়ায় জরুরি ওয়ার্ডগুলোতে চিকিৎসা কার্যক্রম ঠিকমতো চললেও সার্বিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে এখনও আগের মতোই কড়াকড়ি রয়েছে। সকালে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করেছে তাদের পরিচয় গোপন করেই।
এদিকে বিনা চিকিৎসায় মারা যাওয়া সীমা বেগমের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে শুক্রবার সকালে। সীমার মা নূরজাহান বেওয়ার মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এমদাদুর রহমান জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে রাসায়নিক পরীক্ষার জন্য লাশের ভিসেরা সংরক্ষণ করে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের সনদপত্রে (ডেথ সার্টিফিকেট) মস্তিকে প্রদাহ ও নিউমোনিয়াজনিত কারণে সীমা বেগমের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের রক্ষী সাহাবুদ্দিনের স্ত্রী সীমা বেগমকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। বিকেল পর্যন্ত তার কোন চিকিৎসা না হলে প্রথমে দেবর পুলিশের নায়েক ওলিউল্লাহর সঙ্গে কথা কাটাকাটি ও একপর্যায়ে ধাক্কাধাক্কি হয় এক শিক্ষানবিশ চিকিৎসকের। এর জের ধরে সীমা বেগমের স্বামী সাহাবুদ্দিনকেও মারধর করেন চিকিৎসকরা। পরে তারা কর্মবিরতি শুরু করলে বিনা চিকিৎসায় মারা যান সীমা বেগমসহ পাঁচজন রোগী।
