২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ হওয়ার ভান করেছিলেন ফিলিস্তিনি ছাত্র জালাল

নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিখোঁজ হওয়ার ভান করেছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ফিলিস্তিনি ছাত্র জালাল আহমেদ। একই কারণে তিনি তার ওপর হামলার মিথ্যা অভিযোগও এনেছিলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার মেডিকেল কলেজের তদন্ত কমিটির প্রতিবেদনে একথা বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ডা. মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ ডা. আজিজ রহিমের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন।

এদিকে বৃহস্পতিবার সকালে কলেজ কর্তৃপক্ষকে না জানিয়েই জালাল বরিশাল থেকে ঢাকা রওনা হয়ে গেছেন বলে জানিয়েছেন জালালের রুমমেট ফিলিস্তিনি অপর ছাত্র বাহানাইন।

ওই মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র জালাল আহমেদ অভিযোগ করেছিলেন, ১ মে রাতে মেডিকেল কলেজ ক্যাম্পাসে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা ছুরি মারার চেষ্টা করলে তিনি পিঠে আঘাত পান। এরপর ৫ মে মাঈনুল হায়দার ছাত্রাবাসে তার কক্ষে খাবার পানিতে ‘বিষাক্ত পদার্থ’ মেশানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ ১১ মে রাতে মাঈনুল হায়দার ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন জালাল আহমেদ। প্রায় ১২ ঘণ্টা পর নগরীর উত্তর পলাশপুর কাজীর গোরস্তান এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে।

তার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ১২ মে মাঈনুল হায়দার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ডা. হাবিবুর রহমান বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, জালাল তার ইচ্ছার বিরুদ্ধে পারিবারিক সিদ্ধান্তে বাংলাদেশে পড়তে এসেছেন। প্রাথমিক তদন্তে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তাছাড়া আরবী ভাষী জালাল ভালো ইংরেজি না জানায় কলেজের অন্য শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতেও পারছিলেন না। এ অবস্থায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১১ মে জালাল নিজেই হাঁটতে হাঁটতে কাজীর গোরস্তান এলাকায় চলে গিয়েছিলেন। বরিশাল মেডিকেল কলেজের পরিবেশ যথেষ্ট নিরাপদ নয়Ñ পরিবারের সদস্যদের এমন একটি ধারণা দিতেই হামলার ঘটনা বানিয়ে বলেছিলেন জালাল আহমেদ।

এ প্রসঙ্গে হাবিবুর রহমান জানান, জালালের পিঠে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা কোনো ধারালো অস্ত্রের নয়। পরীক্ষা--নিরীক্ষা করে তদন্ত কমিটি এ বিষয়ে নিশ্চিত হয়েছে।

এদিকে জালাল কলেজ কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে ঢাকা রওনা হয়েছেন। যাওয়ার সময় তিনি তার রুমমেট ফিলিস্তিনি ছাত্র বাহানাইনকে বলে গেছেন, দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ফিলিস্তিনি হাইকমিশন তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় যেতে বলেছে।

বাহানাইন বিষয়টি ডা. হাবিবুর রহমানকে জানিয়েছেন।