২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় নাসিমের বিরুদ্ধেঅভিযোগ গঠন ৩ জুন

দরপত্র ছাড়াই ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে তিন লাখ ডিজিটাল টেলিফোন লাইন স্থাপনের কাজ দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে ৩ জুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ বিভাগীয় জজ মালিক আবদুল্লাহ আল আমিন এ তারিখ ঠিক করেন। অভিযোগ গঠনের শুনানি করতে দুপুর ১২টায় কাশিমপুর কারাগার থেকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে আদালতে নিয়ে আসা হয়।

মামলার অন্য আসামী কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এ এইচ এস রহমানের পক্ষে হাজিরার জন্য সময় চাওয়া হয়।

সময় আবেদনে বলা হয়, এ এইচ এস রহমান কানাডায় পায়ের ব্যাথার চিকিৎসা করছেন। একারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আদালতে চিকিৎসা সনদপত্র দাখিল করা হয়।

২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা এ মামলায় একই বছরের ১৩ জুন নাসিমসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

২০০৫ সালের ৪ জানুয়ারি মো. নাসিম হাইকোর্টে এ মামলাটি খারিজের আবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানির পর গত বছরের ২৫ মার্চ আপিল বিভাগ খারিজের আবেদনটি বাতিল করে দেন।

আপিল বিভাগে আবেদনটি খারিজ করে দেওয়ার পর গত ৩০ এপ্রিল এ আদালতের বিচারক ১৭ মে অভিযুক্তদের হাজিরার জন্য দিনক্ষণ ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ওয়ার্ল্ডটেল লিমিটেডকে নাসিম মন্ত্রী থাকাকালে তিন লাখ ডিজিটাল লাইন স্থাপনের জন্য নিয়ম বর্হিভুতভাবে কাজ দেন। এ কাজের জন্য পরিকল্পিতভাবে দরপত্র ছাড়াই ৩১, মতিঝিল বাণিজ্যিক এলাকার কনসোসিয়েটস লিমিটেডকে পরামর্শক নিয়োগ করা হয়।

প্রতারণা আশ্রয় নিয়ে এ কাজ করায় অভিযুক্তরা দণ্ডবিধির ৪১৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন বলে মামলার বাদী দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা আবদুল হাই মামলায় উল্লেখ করেন।

বৃহস্পতিবার নাসিমের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক।