জামিন পেলেন মেয়র মহিউদ্দিন
চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দুটি মামলায় বৃহস্পতিবার তিনমাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
জরুরি বিধিমালার ১৬ ধারায় মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৮ই মার্চ একটি মামলা দায়ের করে পুলিশ। পরে পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক আবু তাহের ৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলশী থানায় আরও একটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় তাকে জামিন দিয়েছে আদালত।
মেয়রের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন, এ্যাডভাকেট হরিসাধন দেবব্রহ্মণ ও এ্যাডভোকেট সব্যসাচী মণ্ডল। তারা বলেন, “মেয়রের বিরুদ্ধে এ অভিযোগগুলো হয়রানিমূলক। তিনি পাহাড় কাটার সঙ্গে জড়িত নন।”
মহিউদ্দিন চৌধুরী কিডনী ও চোখের সমস্যা এবং ডায়াবেটিস রোগের ফলে গুরুতর অসুস্থ বলে আদলতকে জানান আইনজীবীরা।
দেশে জরুরি অবস্থা জারির পর গত ৭ মার্চ তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালত। ৯ই মার্চ মেয়রকে বান্দারবান কারাগারে পাঠানোর পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৪ই মে রাতে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
অবস্থার উন্নতি না হওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
