২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ উপায়ে বছরে ৩৬০ কোটি টাকা আয় করছে সিটিসেল: বিটিআরসি

মোবাইল ফোন কোম্পানি সিটিসেল বছরে প্রায় তিনশত ৬০ কোটি টাকা অবৈধ উপায়ে আয় করছে বলে দাবি করেছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্মকর্তারা। সিটিসেলের প্রধান কার্যালয়ে বুধবার টানা ১২ ঘন্টারও বেশি অভিযান চালানোর পর ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সংযোগের প্রমাণ হিসেবে প্রচুর নথিপত্র জব্দ করার পর কর্মকর্তারা একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 11:20 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার সকাল ১১টা থেকে ফোন কোম্পানিটির তথ্য প্রযুক্তি ও ফাইন্যান্স বিভাগে র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালানোর পর সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা  নফহবংি২৪.পড়স কে জানান, দেশীয় নেটওয়ার্কে অবৈধ উপায়ে বৈদেশিক সংযোগ স্থাপন করে এই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

রাজধানীর মহাখালীর প্যাসিফিক টাওয়ারের ১৩ তলায় অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে বুধবার সকাল ১১টা থেকে রাত ১১টা ১০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিলো।

অভিযানে নেতৃত্ব দানকারী র‌্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা মেজর শামসুজ্জোহা জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বর মাস থেকে সিটিসেলের কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ও বিভিন্ন প্রমাণ পেয়ে এই অভিযান চালানো হয়েছে।

০১১৯০০০৫০১০ ও ০১১৯০০০৫১০০ নম্বর দুইটির বিলের কপি দেখিয়ে মেজর শামসুজ্জোহা নফহবংি২৪.পড়স কে বলেন, “এরকম ৫০টি ডামি নম্বরের সন্ধান পাওয়া গেছে। এগুলো প্রতিদিন বিল উঠেছে এক কোটি টাকারও বেশি। সে হিসাবে গড়ে মাসে আয় দাঁড়ায় ৩০ কোটি টাকা। বছরে আয় হয় ৩৬০ কোটি টাকা।”

কমিটির সদস্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের সহকারী পরিচালক প্রকৌশলী অনামিকা ভক্ত বলেন, “এই হিসাবে সরকার সিটিসেল থেকে বছরে ৩৩০ কোটি টাকারও বেশি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।”

তিনি জানান, সিটিসেলের বিরুদ্ধে বিটিআরসি বাদী হয়ে গুলশান থানায় টেলিযোগাযোগ আইনে মামলা করবে।

কমিটির সদস্যরা আরও জানান, উদ্ধার করা কাগজপত্রে সিটিসেলের অবৈধ সংযোগের সঙ্গে অনেকগুলো টেলিকম প্রতিষ্ঠানের যোগসুত্র পাওয়া গেছে।

তদন্তের স্বার্থে ওই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করতে রাজী হননি তারা।

পরবর্তীতে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‌্যব কর্মকর্তারা।

অবৈধ ভিওআইপি প্রতিরোধে বিটিআরসির ছয় সদস্যের কমিটির উপস্থিতিতে র‌্যাব সিটিসেল কার্যালয়ে এই অভিযান চালায়। 

সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুধবারের অভিযানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির মো. হারিছুজ্জামান, জিয়ান শাহ কবীর, বিটিটিবির জিয়াদুল আনাম ও টেলিটকের নুরুল মাবুদ চৌধুরী ও মো. আবুল কালাম।

কমিটির সদস্যদের অভিযানে উপস্থিতি সম্পর্কে মেজর শামসুজ্জোহা নফহবংি২৪.পড়স কে বলেন, এখন থেকে ভিওআইপির বিরুদ্ধে র‌্যাবের অভিযানে পুরোপুরি স্বচ্ছতা রাখার জন্যেই প্রত্যেকটি অভিযানেই কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, “এই কমিটি গঠনের সময় প্রত্যেকটি বেসরকারি মোবাইল অপারেটর ও পিএসটিএন বা ফিক্সড ফোন অপারেটরদের পক্ষ থেকে একজন করে সদস্য চাওয়া হলেও শুধু দুটি পিএসটিএন কোম্পানি তাদের প্রতিনিধিদের এই কমিটির সদস্য করেছেন।”