সিলেটের ‘কিচেন মার্কেট’ মামলার অভিযোগ গঠনের নতুন তারিখ ২১ মে
আলোচিত ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলার অভিযোগ গঠনের তারিখ আগামী ২১ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। মামলা থেকে অব্যাহতির জন্য মেয়র কামরানের আবেদনের শুনানিও হবে একইদিন।
বুধবার সকাল ১১ টায় সিলেটের বিশেষ জজ আদালতের বিচারক ইফতেখার রসুল সিদ্দীকি শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
এ দিন মামলার অভিযোগ গঠন এবং মেয়র কামরান ও কমিশনার আব্দুল কাইউম জালালী পংকীর অব্যাহতি আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার এক আসামী আজাদুর রহমান আজাদকে আদালতে হাজির না করায় নতুন তারিখ দেওয়া হয়। কমিশনার আজাদ পৃথক মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
২০০৩ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো নগরীর শিবগঞ্জে অবৈধভাবে কিচেন মার্কেট বন্দোবস্ত দেওয়ার অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলাটি করে।
চলতি বছরের ৫ এপ্রিল মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ৬ এপ্রিল গ্রেপ্তার হন মেয়র কামরান। তিনি গত ৮ মে জামিনে মুক্ত হন।
মামলার আসামী সিটি কমিশনার আবদুল ওয়াদুদ খালেদ গত ৩০ এপ্রিল মারা যান। আজাদ ছাড়া বাকি আসামীরা গত ১০ মে অন্তর্বর্তীকালীন জামিন পান।
