চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর পদ্ধতি চালু
অবশেষে চট্টগ্রাম বন্দরে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকাল থেকে বেসরকারি বার্থ অপারেটরের মাধ্যমে পণ্য ওঠানামা ও সরবরাহের কাজ শুরু হয়েছে। আর সেইসঙ্গে বিলুপ্ত হয়ে গেছে ১৯৮৫ সাল থেকে এ যাবত চালু থাকা স্টিভিডোরিং পদ্ধতি।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই পদ্ধতিতে বার্থ অপারেটররা জাহাজ থেকে পণ্য খালাস, গুদামে সংরক্ষণ ও সরবরাহের কাজ এক হাতে করবে। এখন থেকে ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিক ও স্টিভিডোরিং স্টাফ বলতে কিছুই থাকবে না। সবার পরিচয় হবে শ্রমিক। বার্থ অপারেটররা চাইলে বাইরের শ্রমিকও নিয়োগ দিতে পারবে। ফলে বন্দর আর ডক শ্রমিক, মার্চেন্টস শ্রমিক কিংবা স্টিভিডোরদের হাতে জিম্মি হয়ে থাকবে না। অর্থাৎ সংঘবদ্ধভাবে কেউ বন্দরকে বন্ধ করে দেওয়ার সুযোগ পাবে না।
বন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে ৫৫ জন স্টিভিডোরকে ভাগ করে ১২ টি জেটি ও বহির্নোঙরে পণ্য ওঠানামা ও সরবরাহ কাজের দায়িত্ব দিয়ে পরীক্ষামূলকভাবে বার্থ অপারেটরের কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বন্দরের ১৩টি জেটির প্রতিটিতে তিনজন করে স্টিভিডোরের সমন্বয়ে গঠিত একেকটি কোম্পানি বার্থ অপারেটরের দায়িত্ব পালন করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ নফনহবংি২৪.পড়স কে জানান, এখন পরীক্ষামূলকভাবে স্টিভিডোরদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে বার্থ অপারেটর পদ্ধতি চালু করা হয়েছে। পরবর্তীতে সরকারের অনুমোদন সাপেক্ষে দরপত্র আহ্বান করে ১২ জন বার্থ অপারেটর এবং বহির্নোঙরে ১৫ জন শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দেওয়া হবে। এই দরপত্রে স্টিভিডোররা ছাড়াও যেকোনো অভিজ্ঞ ও সক্ষম ব্যবসায়ী অংশ নিতে পারবে।
এ ব্যাপারে এফবিসিসিআই এর পরিচালক আমিরুল হক বলেন, স্টিভিডোরিং প্রথা বাতিল করে বার্থ অপারেটর পদ্ধতি চালুর বিষয়টি চট্টগ্রাম বন্দরের সংস্কারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে স্টিভিডোররা আর কথায় কথায় বন্দর অচল করে দিতে পারবে না। তাছাড়া ঘুষ বকশিসও চলবে না। শ্রমিক ক্যাটাগরিও থাকবে না।
বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোরস এসোসিয়েশনের (বিএমএসএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলে একরাম জানান, বন্দরের ১৩টি জেটিতে ১২ জন বার্থ অপারেটর এবং বহির্নোঙরে ১৫ জন শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক অপারেটরের অধীনে ১২৫ জন করে শ্রমিক কাজ করবে। প্রত্যেক অপারেটর জেটিতে ভেড়ানো জাহাজ থেকে পণ্য খালাসÑ বোঝাই, বন্দর সংরক্ষিত এলাকার গুদামে বা ইয়ার্ডে পণ্য/কন্টেইনার সংরক্ষণ এবং সরবরাহের জন্য ট্রাক, লরী বা রেলওয়ের ওয়াগনে তুলে দেওয়ার কাজ এককভাবে করবে।
নতুন এই পদ্ধতিতে বন্দরে পণ্য হ্যান্ডলিং বা ওঠানামায় গতিশীলতা, দক্ষতা বাড়বে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছেন। তাদের মতে, এতে করে ব্যবসায়ীদের ব্যয় সংকোচনও ঘটবে।
