বাংলাদেশে মূল্যস্ফীতির নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এডিবি
খাদ্যদ্রব্যের অব্যাহত দাম বাড়ার কারণে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশে বর্তমান অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পুনঃনির্ধারণ করেছে। আগের চেয়ে দশমিক ২০ শতাংশ বাড়িয়ে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত দশমিক ২০ শতাংশ।
পয়েন্ট--টু--পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে মূল্যস্ফীতি দাঁড়ায় সাত দশমিক ৪০ শতাংশ। অর্থবছরের শুরুতে জুলাই মাসে এ হার ছিল ছয় দশমিক ৮০ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতিও বেড়েছে।
এ প্রসঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ রেজাউল করিম বলেন, খাদ্যদ্রব্যের দাম বাড়ার প্রবণতা অব্যহত থাকলে আরও মূল্যস্ফীতি ঘটবে।এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ শাখার অর্থনীতি বিভাগের তৈরি ওই প্রতিবেদনে অর্থনীতির সার্বিক দিক, সামষ্টিক অর্থনীতির গতিধারা, রাজনৈতিক অবস্থা এবং বিভিন্ন খাতের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়।
মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে রাখাই বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
এডিবির ধারণা, চলতি অর্থ বছর শেষে রেমিটেন্সের পরিমাণ ছয় বিলিয়ন হবে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন, যোগাযোগ এবং বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটলেও ২০০৬--০৭ অর্থবছরের প্রথম আট মাসেই রপ্তানি বেড়েছে ২১ দশমিক ১০ শতাংশ।
তবে এশীয় উন্নয়ন ব্যাংক রাজস্ব আয়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের রাজস্ব ব্যবস্থার উন্নয়নের তাগিদ দিয়ে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু বলেন, বাংলাদেশের কর--জিডিপি অনুপাত মাত্র ১০ দশমিক ৬০ শতাংশ। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম।
