রাজবাড়ীতে পিডিবির প্রকৌশলী গ্রেপ্তার
রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ--সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও লাইনম্যান আবদুল মজিদকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. কাইউম খানের ইরি ব্লকের স্যালো মেশিনে গত বুধবার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে লাইনম্যান আবদুল মজিদ বলেন সংযোগ নিতে হলে সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে দেখা করতে হবে। কাইউম খান ওইদিনই বিদ্যুৎ অফিসে এসে উপ--সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে দেখা করলে তিনি সাত হাজার টাকা ঘুষ দাবি করেন।
কাইউম খান তাৎক্ষণিক এক হাজার টাকা পরিশোধ করেন এবং অবশিষ্ট ছয় হাজার টাকা মঙ্গলবার দেবেন বলে জানান। খবর পেয়ে র্যাবের একটি দল অফিসে ওঁৎ পেতে থাকে এবং ঘুষ লেনদেনের সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে। ওই সময় ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।
