দুর্নীতিবিরোধী অভিযানে সরকার মনে হয় থমকে গেছে: হাসিনা
সরকার প্রথমে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে নেমেছিল, এখন মনে হচ্ছে কিছুটা থমকে গেছেÑÑ শেখ হাসিনা তার বিরুদ্ধে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ২০০২ সালে দায়ের করা মামলাটি সচল করতে সরকারের তৎপরতায় পাল্টা এই মন্তব্য করেছেন। (আরও তথ্যসহ ও সমন্বিত)
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আমি কোনও দুর্নীতি করিনি। আমি যে দামে গ্যাস কিনে যে দামে বিদ্যুৎ দিয়েছি, সে দামে কেউ একটা বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে দেখাক, তারপর মামলা দিক।”
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেসা খানকে দেখে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের এ কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “প্রকৃত দুর্নীতিবাজদের ধরা হচ্ছে না। রাজনৈতিকভাবে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জহিরউদ্দিন স্বপনসহ এখন মান্নান ভূঁইয়া ও সাইফুর রহমানরাও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের তো এখনও ধরা হচ্ছে না।”
তিনি বলেন, “সরকার দুর্নীতিবাজদের একটি রিজার্ভ ফোর্স রেখে দিয়েছে।”
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি বলেও দাবি করেন শেখ হাসিনা।
ভোটার তালিকা তৈরির বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “নির্বাচনী আইন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করতে হবে। ভোটার তালিকা নিয়ে উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে। এই নির্দেশনা মেনেই ভোটার তালিকা করা উচিত। সরকার ভোটার তালিকা নিয়ে জটিলতা সৃষ্টি করে কালক্ষেপণ করছে।”
হাসিনা বলেন, “সারাদেশের মানুষ নির্বাচন চায়। চার মাস হয়ে গেলো, আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম তা এখনো বাস্তবায়িত হয়নি। আমরা আশা করেছিলাম, সংস্কার বাস্তবায়িত হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। দেশবাসীর আকাঙ্খা ছিল, তারা একটা নির্বাচিত সরকার পাবে।
শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ক্রিসেন্ট হাসপাতালে পৌঁছান। তিনি বেশ কিছুক্ষণ সেখানে থাকেন এবং লুৎফুন্নেসা খানের চিকিৎসার খোঁজ-খবর নেন। রাশেদ খান মেননও এ সময় সেখানে ছিলেন।
লুৎফুন্নেসা খান বেশ কিছুদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। গত ১২ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ হাসিনা তারপর জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলামের বোন লুৎফুন্নেসা বেগমকে দেখতে শ্যামলীতে ট্রমা সেন্টারে যান।
