২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোমিন হত্যা মামলার অভিযোগপত্র পরিবারের প্রত্যাখ্যান

রাজধানীর কাফরুলের কলেজছাত্র মোমিন হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছে তার পরিবার। অভিযোগপত্রের ওপর ‘না রাজি’ দিয়ে তারা অন্য কোনও সংস্থার মাধ্যমে মামলার অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মোমিনের পরিবারের অভিযোগ, বাদীপক্ষকে না জানিয়ে মামলার মূল আসামী পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামকে বাদ দিয়েই ওই অভিযোগপত্র দেওয়া হয়। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামীদের কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি বাদী পক্ষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও করেছেন তারা।

অভিযোগপত্র প্রত্যাখ্যান করে মঙ্গলবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মোমিনের পরিবার।

মোমিনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, “জমির সীমানা নিয়ে বিবাদের কারণে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কলেজ যাওয়ার পথে মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও তার সহযোগীরা মোমিনকে খুন করে। ওই ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সহকারী পুলিশ সুপার আব্দুস সবুর ঘুষ খেয়ে ওসি রফিকসহ মতিন, রোবোকপ জাফর, মাঈনুদ্দিন হাওলাদার, জিসান, রুবেলসহ বেশ কয়েকজন আসামীর নাম অভিযোগপত্রে উল্লেখ করেনি।”

তিনি বলেন, “ওসি রফিক দীর্ঘদিন সিআইডিতে কর্মরত ছিল বলে পুলিশ প্রশাসনে তার প্রভাব রয়েছে। পুলিশের বিরুদ্ধে পুলিশ কি কখনও কাজ করে? অথচ অপর আসামী জনি আদালতের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে খুনী হিসেবে ওসি রফিকের নাম উল্লেখ করেছিল।”

মোমিনের ভাই তৌফিক অভিযোগ করেন, “বাদীপক্ষ হিসেবে আব্দুস সবুরের কাছে অভিযোগপত্রের কপি চাইতে গেলে তিনি হুমকি দিয়ে বলেন, অভিযোগপত্রের কোনও কপি দেওয়া হবে না, যা করতে পারিস কর। বেশি উল্টাপাল্টা করলে এক লাথিতে বরিশাল পাঠিয়ে দেব।”

ছোট বোন শাহানা আক্তার বলেন,“রাস্তায় বের হলেই আসামীরা আমাদের উত্যক্ত করে। তাদের ভয়ে স্কুল--কলেজ যাওয়া ছেড়েছি।”

মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিচার যদি না পাই, তাহলে এমন নিরাপত্তাহীন অনিশ্চিত জীবনের চেয়ে মরণই আমাদের কাম্য।”

ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবিতে এর আগে আব্দুর রাজ্জাক ২০০৫ সালের ১২ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা পরিবর্তনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন। গত এক বছর আট মাস বিভিন্ন স্তরে আবেদন নিবেদন জানান তারা। সর্বশেষ চলতি বছরের ১৩ ফেব্র“য়ারি প্রধান উপদেষ্টা ও ১৫ ফেব্র“য়ারি পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদের কাছে একই আবেদন জানানো হয়।