যুক্তরাজ্য ও কানাডার ১০ জনসহ ৪০ আ. লীগ নেতা কারাগারে
যুক্তরাজ্য আওয়ামী লীগ শাখার যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলের গ্রেপ্তারকৃত প্রায় ৪০ জন নেতাকে রাতে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর আদালতে নিলে সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জগজিৎ সিংহ তাদের এক মাসের আটকাদেশ দিয়ে কারগারে পাঠান।
সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে রাত ১০টা ৪০ মিনিটে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এদের মধ্যে লন্ডন থেকে শেখ হাসিনার সফরসঙ্গী হওয়া যুক্তরাজ্য ও কানাডার ১০ জন নেতা রয়েছেন। বাকিরা হলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ সিলেটের বিভিন্ন স্তরের নেতা।
আওয়ামী লীগের এই নেতারা সোমবার দুপুর থেকে শফিকুর রহমান চৌধুরীর ভাতিজা আকিকুর রহমান চৌধুরীর বাড়িতে জড়ো হন। যৌথবাহিনী বিকাল চারটা থেকে বাড়িটি ঘেরাও করে রাখে এবং সন্ধ্যা ৭টায় তাদের গ্রেপ্তার করে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ওই নেতারা সবাই ওই বাসায় দাওয়াত খেতে জড়ো হয়েছিলেন। তবে পুলিশ বলেছে, তারা সেখানে জড়ো হয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, যুক্তরাজ্য থেকে আসা আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর এম এ রহিম, কানাডা আওয়ামী লীগ সভাপতি সারওয়ার আহমেদ ও নেতা ইয়াহিয়া আহমেদ, যুুক্তরাজ্য আওয়ামী লীগের আব্দুস শহীদ চৌধুরী, ফারুক চৌধুরী, মুজাহিদ আলী সোহেল এবং ঝলক পাল।
এ ছাড়াও গ্রেপ্তার হয়েছেন সিলেটের আওয়ামী লীগ নেতা সফিউল আলম চৌধুরী, মহানগর যুবলীগ সভাপতি সৈয়দ শামীম আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জগলুল চৌধুরী, মহানগর ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, এমসি কলেজ ছাত্র লীগ সাধারণ সম্পাদক সাইফুল, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কমিশনার আব্দুল খালিক, ছাত্র লীগের সাবেক জেলা সভাপতি শফিউল আলম নাদেল, মহানগর যুবলীগ সভাপতি এডভোকেট সৈয়দ শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান, ছাত্রলীগ নেতা শামসুল ইসলাম মিলন, সাইফুল আলম টিপু, ইউসুফ আলী, আবু আম্বিয়া, মনির আহমদ, শাহেদ রেজা, টিটু ওসমানী, সেলিম রেজা, আরিজ আলী, টুনু মিয়া, রিমন মিয়া, সোয়েব আহমদ, তুরন মিয়াসহ আরও কয়েকজন।
গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সম্পূর্ণ একটি পারিবারিক দাওয়াতে আমরা সবাই সমবেত হয়েছিলাম। দাওয়াত শেষে গল্প গুজব করার সময় আমাদের আটক করা হয়। এ সময় আমাদের আটক করার কারণ জানতে চাইলে বলা হয়, আমরা জরুরি অবস্থা ভঙ্গ করেছি এবং নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঘরোয়া রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হয়েছি।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নুর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সকলকে সভা করা অবস্থায় আটক করে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে সোপর্দ করা হয়েছে। আটক ৪০ জনের মধ্যে ১০ জন প্রবাসী রাজনৈতিক নেতা। বাকিরা স্থানীয়।”
তিনি আরও জানান, জরুরি অবস্থা জারি এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও তারা রাজনৈতিক তৎপরতা চালান।
