অপহরণের ১৫ দিন পর চট্টগ্রামে কথিত সন্ত্রাসীর লাশ উদ্ধার
অপহরণের ১৫ দিন পর পুলিশ সোমবার পটিয়ার কথিত মোনাফ বাহিনীর প্রধান আবদুল মোনাফের (৩৫) লাশ উদ্ধার করেছে।
সোমবার সকালে পটিয়া থানা পুলিশ কেলিশহরের পাহাড়ী গুচ্ছগ্রাম এলাকায় মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে। সকালে তার আত্মীয় স্বজন লাশটি সনাক্ত করেছে বলে পুলিশ জানায়।
পটিয়া পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আবদুল হামিদ ও জুলি আকতার নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, দক্ষিণ জেলার ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ মোনাফ গত ৩০ এপ্রিল পটিয়া থেকে চট্টগ্রাম নগরীর বায়েজীদ এলাকায় বোনের বাসায় আসার পথে অপহৃত হন বলে তার পরিবার পটিয়া থানা পুলিশকে জানায়।
এরপর পুলিশ গত কয়েকদিন বিভিন্ন পাহাড়ী এলাকায় অভিযান চালায় এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মাটি খুঁেড় তার লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, প্রতিপক্ষরা তাকে খুন করে সেখানে তার লাশ মাটি চাপা দিয়ে রাখে।
পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, অপহরণ এবং মেরে ফেলার হুমকির পরিপ্রেক্ষিতে গত ১২ মে মোনাফের ভাই ছয়জনকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, মোনাফ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
