২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন বাড়ানোর নির্দেশ

ঝুঁকি ব্যবস্থাপনা সামর্থ্য বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক রোববার ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে ১০ শতাংশ মূলধন জমা রাখার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নতুন আইনের কারণে ব্যাংকগুলোর মূলধন ও মুনাফার মজুদ বাড়াতে হবে। অবশ্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে ঋণ এবং বড় অঙ্কের খেলাপি ঋণ থাকার কারণে এই নির্দেশ পালন কষ্টকর হবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মূলধন জমা রাখার এই নতুন হার নিশ্চিত কারার নির্দেশ দিয়েছে।

অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে সোমবার বলেন, “এটা ভালো উদ্যোগ। এরফলে আমানতকারীদের অর্থের নিরাপত্তা বাড়বে।”

বখতিয়ার আহমেদ জানান, নতুন নির্দেশের কারণে ব্যাংকগুলো তাদের মূলধনের পরিমাণ বাড়াতে বাধ্য হবে।

তিনি বলেন,“এই নির্দেশ পুরেপুরি পালন করার জন্য সরকারি ব্যাংকগুলোর জন্য বাড়তি সময় প্রয়োজন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকার বন্ড ছাড়লে নির্দিষ্ট সময়ের ভেতরেই আমরা এই হার বজায় রাখতে পারবো।”

সরকারি ব্যাংকগুলোসহ কিছু বানিজ্যিক ব্যাংক বর্তমানে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে এর আগের নির্ধারিত নয় শতাংশ মূলধন জমা রাখার ক্ষেত্রে হিমসিম খাচ্ছে।

তবে ৬০ শতাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও সব বিদেশি বাণিজ্যিক ব্যাংক বর্তমানে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে নির্ধারিত নয় শতাংশের বেশি মূলধন জমা রাখছে।

২০০২ সালে বাংলাদেশ ব্যাংক ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ৯ শতাংশ মূলধন জমা রাখার নির্দেশ দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “এই নির্দেশের কারণে এক ধাপ অগ্রগতি হলো। পার্শ্ববর্তী অধিকাংশ দেশে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন জমা রাখার হার আমাদেও তুলনায় বেশি।”

বর্তমানে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে এই হার ১২ দশমিক ৮ শতাংশ, ১২ দশমিক ৪ শতাংশ এবং ১০ দশমিক ৮ শতাংশ বলে জানায় বাংলাদেশ ব্যাংক।