ফতুল্লায় ঘুষ লেনদেনকারী তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ঘুষ লেনদেনের মামলায় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য ও আবুল খায়ের গ্রুপের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক বেনজীর আহমেদ সোমবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাসনা জাহান খানমের আদালতে এই অভিযোগপত্রটি দাখিল করেন।
৫ ফেব্রুয়ারি র্যাব-১১ এর উপ সহকারী পরিচালক আবু সাদেক বাদী হয়ে ফতুল্লা থানায় ওই পাঁচ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্পাইল ফুড প্রডাক্টস লিমিটেডের ১৯ কোটি টাকার ভেজাল গম আটকের ঘটনা ধামাচাপা দিতে ২২ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
অভিযোগপত্রে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক, এসএম মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়।
অভিযুক্তদের সবাই এখন কারাগারে আছেন।
সোমবার দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, ২৯ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মানজারুল মান্নান ও জসীম উদ্দিন ফতুল্লার আলীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরের আফসার অয়েল মিলের ভেজাল গম খালাস করার সময় সেগুলো আটক করেন। আটক করা গমের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ কোটি টাকা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই গমের আমদানিকারক হিসেবে উল্লেখ করা হয় আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্পাইল ফুড প্রডাক্টস লিমিটেডের নাম।
অভিযোগপত্রে আরও বলা হয়, আবুল খায়ের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরীর নাম বাদ দিয়ে মামলা দুর্বল করা ও আটক গম দ্রুত ছাড় করার জন্য ওই তিন পুলিশ সদস্য সংশ্লিষ্টদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ২২ লাখ টাকায় রফা হয়। কিন্তু টাকা লেনদেন হওয়ার পর পরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপ পরিদর্শক মিরাজের শয়নকক্ষ থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকা ভর্তি একটি থলে উদ্ধার করেন।
