২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূল ঘেষছে ‘আকাশ’ , ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় ‘আকাশ’ আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্র উপকূল ঘেষে অবস্থান করছে। সকাল নাগাদ এটি উপকূল অতিক্রম করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 11:20 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর তাদের রাত তিনটার বুলেটিনে এ তথ্য জানায়।

রাত ১২টায় আবহাওয়া অধিদপ্তর বলেছিল আকাশ চট্টগ্রাম বন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। রাত তিনটায় উপকূলের আরো কাছাকাছি চলে আসায় চট্টগ্রাম বন্দর থেকে কত দূরত্বে ‘আকাশ’ অবস্থান করছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে পূর্বাভাস কর্মকর্তা রাশিদুজ্জামান রাত মঙ্গলবার ভোর পাঁচটায় জানান।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে। (আরো তথ্যসহ)

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়া আকারে গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা রাশিদুজ্জামান জানান, রোববার দুপুর ৩টায় সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর-পূর্বদিকে সরে গিয়ে সোমবার সকাল ৬ টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। সোমবার দুপুর বারোটার দিকে নিম্নচাপটি আরো ঘনিভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। রাত ১২টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, ঝালকাঠি, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলগুলো স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ফুট উঁচু জলোচ্ছোসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরা ট্রলার, নৌকা ও অন্যান্য নৌযানকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।