২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবসে পরিচয়হীন এক শিশু খুঁজে পেল মায়ের কোল

কাপড়ে জড়িয়ে ফুটপাতে ফেলে রাখা শিশুটি কাঁদছিল মায়ের কোলের জন্য। লোকজনের ভিড় আর তারপর পুলিশের উপস্থিতি কোনকিছুরই কোন অর্থ নেই একদিনের শিশুটির কাছে। কোথায় তার মা?

নিজস্ব প্রতিবেদক

আবু নোমান সজীব,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 12:22 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

১৭ বছর ধরে নিঃসন্তান মিরপুরের গৃহবধূ শাহনাজ খবর পেয়ে ছুটে আসেন। বুকে তুলে নেন শিুশুটিকে। মা দিবসে নামপরিচয়হীন শিশুটি খুঁজে পায় মায়ের নিরাপদ আশ্রয়।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চিত্র এটি।

শাহবাগ থানা পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের সামনের ফুটপাতে কাপড়ে মোড়ানো অবস্থায় একদিনের নবজাতকটি পড়ে থাকতে দেখে লোকজনের ভিড় জমে যায়। লোকজন খবর দিলে উপ-পরিদর্শক মো. সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে যায়। এ সময় সেখানে উপস্থিত ফার্মাদেশ ওষুধ কোম্পানির সহকারি-ব্যবস্থাপক মাহবুব আলম শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছার কথা জানান। আইনগত প্রক্রিয়া শেষ করে বিকেল পাঁচটার দিকে মাহবুব আলম এবং তার স্ত্রী শাহনাজ হোসেন শিশুটিকে তাদের মিরপুরের বাসায় নিয়ে যান।

মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দীর্ঘ ১৭ বছরের বিবাহিত জীবনে তারা সন্তানহীন। এ শিশুটির মাধ্যমে আল্লাহ তাদের বাসনা পূরণ করে দিয়েছেন।

তিনি বলেন, সাত দিন পর ‘আকিকার’ করে শিশুটির নাম রাখা হবে।