ফরিদপুরে আট পলাতক আসামী গ্রেপ্তার
মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের রাজঘরপুর গ্রাম থেকে শনিবার রাতে পুলিশ সাজাপ্রাপ্ত আট পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
তারা হলো, জামাল শেখ (২৫), আলাউদ্দিন (৩২), অখিল উদ্দিন (৩০), গোলবার শেখ (২৮), বাহাদুর মোল্লা (৩৮), ফেলু মোল্লা (৩৫), দেলোয়ার শেখ (৩২) ও ইদ্রিস মোল্লা (৩৫)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, ২০০০ সালের একটি চুরির মামলায় ২০০৪ সালে রায় হয়। রায়ে এ আসামীদের ছয় মাসের কারাদন্ডাদেশ হয়।
এদিকে একই রাতে গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের কোহিনূর বেগমকে(২৫) অপহরণের চেষ্টাকালে পাঁচ জনকে গ্রেপ্তার করে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা। পরে তাদের মধুখালী থানায় সোপর্দ করা হয়।
তারা হলো, খসরু (৩৪), সেলিম (৩২), শামীম (৩৬), বরকত (২৭) ও রিপন (২৬)।
কোহিনুর বেগম অভিযোগ করেন, কয়েকদিন আগে একই গ্রামের আব্দুল হাই ঠাকুরের (৩৫) বিরুদ্ধে মধুখালী থানায় একটি ধর্ষণ প্রচেষ্টা মামলা দায়ের করেন তিনি। ওই কারণেই তাকে অপহরণের জন্য সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়।
থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক ছবির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
