বিচারপতি আজিজের একইসঙ্গে দুই সাংবিধানিক পদে থাকা নিয়ে রিটের শুনানি চলছে
বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের একইসঙ্গে দুইটি সাংবিধানিক পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি চলছে। সোমবার দুপুর দুইটায় রিটটির পরবর্তী শুনানি হবে।
বিচারক পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়া এম এ আজিজের একইসঙ্গে দুইটি সাংবিধানিক পদে থাকার বৈধতা নিয়ে ২০০৫ সালের ৯ জুন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর শুনানি করে সোমবার দুপুর দুইটা পর্যন্ত শুনানি মূলতুবি করেন।
রিটকারির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এম আই ফারুকী বলেন, “ফরাশী দার্শনিক রুশোর মতে সংবিধান একটি সামাজিক চুক্তি। বিচার বিভাগ আলাদা করা এর মূল বৈশিষ্ট্য। সংবিধান অনুযায়ী যারা শপথ নেন তারা জনগণের কাছে দায়বদ্ধ।”
সংবিধানের অষ্টম সংশোধনী মামলায় উচ্চ আদালতের নজির উপস্থাপন করে অ্যাডভোকেট ফারুকী বলেন, জনগনের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের সংবিধান অর্জিত হয়েছে। এর লঙ্ঘন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, স্বাতন্ত্র ও মর্যাদাকে ভুলুন্ঠিত করে। তার মতে সর্বোচ্চ আদালতের একজন বিচারক আরেকটি শপথের অধীনে অন্য দায়িত্ব পালন করতে পারেন না। এরকম করলে তা হবে তার শপথের লংঘন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ জুন বিচারপতি শাহ আবু নাঈম মোঃ মোমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের কাছে জানতে চান এক ব্যক্তির একইসঙ্গে দুইটি পদে থাকা কেন অবৈধ হবে না। এর পরদিনই তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ওই বেঞ্চ পুনর্গঠন করেন।
