গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে ৩০০ কোটি টাকা লুটপাট
গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে ৩০০ কোটি টাকা লোপাট হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তারা বলছে, শিপিং এজেন্টরা বিভিন্ন চার্জের নামে এ টাকা নিলেও এর কোনো হিসাব পাওয়া যায়নি। এছাড়া বন্দর কর্মকর্তারা শ্রমিকদের বেতনের নামে আত্মসাৎ করেছেন ৩৫ কোটি টাকা।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা আরও বলা হয়, ২০০৬ সালে বন্দর ও শুল্ক কর্মকর্তারা মোট ৯৪৩ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা ঘুষ খেযেছেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রকাশ্যে ঘুষ লেনদেন বন্ধ হলেও প্রতিনিধির মাধ্যমে বন্দরের বাইরে এ লেনদেন এখনও চলছে বলে ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়।
শনিবার চিটাগাং চেম্বার ভবনে টিআইবি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর:স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য চাই মৌলিক সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থাপন করা হয় ওই প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়, বন্দরে সারচার্জ ও অন্যান্য নামে আমদানিকারকদের কাছ থেকে শিপিং কোম্পানিগুলো ২০০৬ (জুন-সেপ্টেম্বর) ও ২০০৭ সালের প্রথম দিকে প্রায় তিনশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যার কোনও হদিস নেই। এছাড়া ডক শ্রমিক পরিচালনা বোর্ড বন্দরে কর্মরত শ্রমিকের সংখ্যা বেশি দেখিয়ে আত্মাসাৎ করা হয়েছে ৩৫ কোটি টাকা।
টিআইবির অনুসন্ধানে দেখা যায়, একটি জাহাজ বন্দরের জেটিতে ভেড়ানোর এবং বহির্নোঙ্গরে নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক অবস্থায় পাইলটরা ১০ হাজার টাকা ঘুষ নেয়। কিন্তু নয় মিটারের বেশি ড্রাফটের জাহাজের ক্ষেত্রে এ হার দর কষাকষি করে লাখ টাকায় গিয়েও দাঁড়ায়। বন্দরে পণ্য খালাসে স্পিডমানি হিসেবে সর্বনিম্ন ৩০টি পয়েন্টে ঘুষ লেনদেন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে মন্তব্য করা হয়, পণ্য ছাড়ে বন্দর ও শুল্ক বিভাগের জটিল ও দীর্ঘসূত্রী প্রক্রিয়াও দুর্নীতিকে উৎসাহিত করে।
প্রতিবেদনে একটি আধুনিক ও দক্ষ বন্দর হিসাবে গড়ে তোলার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়। এসবের মধ্যে রয়েছে-দুর্নীতি রোধে টেকসই উন্নয়ন ও মৌলিক সংস্কার, বন্দরকে অত্যাবশ্যকীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ঘোষণা, বন্দরে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি প্রণয়ন ও প্রয়োগ, দুর্নীতি দমন কমিশন কর্তৃক মনিটরিং সেল গঠন, বন্দরের পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তর, কন্টেইনার ইয়ার্ড বৃদ্ধি, বেসরকারি আইসিডির সংখ্যা বাড়ানো, স্ক্যানার স্থাপন ইত্যাদি।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ এম হাফিজ উদ্দিন খান। প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষণা কর্মকর্তা তানভীর মাহমুদ।
