‘দুর্নীতির কারণেই সমাধান হচ্ছে না ভবদহ সমস্যার’
দুর্নীতির কারণেই সমাধান হচ্ছে না ভবদহ সমস্যার। আর এ দুর্নীতির মূল কেন্দ্র পানি উন্নয়ন বোর্ড। এর সঙ্গে আরও যুক্ত রয়েছে সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা চক্র ও ঠিকাদাররা।
আয়ু ফুরিয়ে যাওয়া এ প্রকল্প চালু রেখে যেমন এলাকাবাসীকে চরম দুর্ভোগে ফেলা হয়েছে, তেমনি নানা নতুন প্রকল্পের নামে অর্থ লুটপাটের জন্য সমস্যা জিইয়ে রাখা হচ্ছে।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার ‘ভবদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা ও জলাবদ্ধতা নিরসনের উপায়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।
‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’ আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওই ফোরামের উপদেষ্টা আফসার আলী। রণজিত বাওয়ালীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নদী গবেষক ড. আইনুন নিশাত, প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, অধ্যাপক জাফর ইকবাল, প্রকৌশলী এনামুল হক, ভবদহ পানি নিষ্কাশন কমিটির ইকবাল কবির জাহিদ, ফারুক আলম, আশুতোষ সরকার, আবদুল লতিফ সরকার, মো. আলী সরদার, বৈকুণ্ঠ বিহারী।
মূল প্রবন্ধে বলা হয়, লবণাক্ততা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য পাকিস্তান আমলে স্থানে স্থানে বাঁধ নির্মাণ করায় নদীগুলোর মৃত্যু হয়েছে, পানির স্বাভাবিক প্রবাহ হয়েছে ব্যাহত। আর তাতে দেখা দিয়েছে এ স্থায়ী জলাবদ্ধতা।
এতে বলা হয়, ৬০ এর দশকে যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও সদর উপজেলার ২ লাখ হেক্টর এলাকাকে বেষ্টন করে নির্মিত হয় বাঁধ, যার মাঝে পড়ে ২৫ লাখ মানুষ। এটাই এখন ভবদহ অঞ্চল বলে পরিচিত। ১৫৫৬ কিলোমিটার এ বাঁধে ২৮০টি পানি নিয়ন্ত্রণ স্লুইস গেটের মধ্যে প্রধান পলি নিয়ন্ত্রণ কেন্দ্র হল ভবদহ। ২০০৫ সালে স্লুইস গেট বন্ধ করে দেওয়ায় ভবদহে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন সময় স্থানীয় মানুষ নিজ উদ্যোগে বাঁধ কেটে সমস্যা সমাধানোর চেষ্টা চালালেও প্রশাসন তা ঠেকিয়ে দেয়। আর সমস্যা সমাধানে দৃষ্টি দেয়নি প্রশাসন।
মূল প্রবন্ধে জলাবদ্ধতা নিরসনে ভবদহ স্লুইস গেট তুলে নিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ মুক্ত করার পাশাপাশি নদীর ওপর স্থাপিত সব অবৈধ স্থাপনাসহ মাছের ঘেরগুলো অপসারণের দাবি জানানো হয়।
বক্তারা ভবদহ এলাকায় ব্যাংক ঋণ, কৃষি ঋণ ও এনজিও ঋণ আদায় বন্ধ এবং সরকারি উদ্যোগে কৃষকদের বীজ ও সার সরবরাহের আহ্বান জানান।
ড. আইনুন নিশাত বলেন, ভবদহ এলাকা ক্রমশ পরিবর্তনশীল এলাকা। নির্দিষ্ট কোনও প্রযুক্তি পদ্ধতি ব্যবহার করে সুফল পাওয়া যাবে না। তাই নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে প্রকল্পে পরিবর্তন আনতে হবে। তিনি পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যাম নির্মাণের বিরোধিতা করে বলেন, এতে সমস্যার সমাধান তো হবেই না, বরং আত্মঘাতী হবে।
মতিউর রহমান বলেন, ভবদহের মানুষের আন্দোলন সংগ্রামে আমার তাদের পাশে আছি।
অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ওই এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা দিতে হবে।
