২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রাতভর ডিসিসির বিলবোর্ড উচ্ছেদ অভিযান

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার অবৈধ বিলবোর্ড সরিয়ে ফেলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার রাত ১১ টা থেকে শুরু করে শুক্রবার ভোর চারটা পর্যন্ত একটানা এ অভিযান চালানো হয়। এসময় রাজধানীর শেরাটন ও কাকরাইল মোড়ে বিশালাকৃতির কমপক্ষে ১০ টি বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে ২০ টি ক্রেন, ডাম্পার, ভারী ট্রাক এবং গ্যাস কাটার ব্যবহার করা হয়।

ডিসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মাহবুব আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এর আগে ১০ মের মধ্যে অননুমোদিতভাবে স্থাপন করা বিলবোর্ডগুলো অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তা অপসারণ না করায় এ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, মাটির সমান্তরাল থেকে সর্ব্বোচ্চ ৩০ ফুট উচ্চতা পর্যন্ত বিলবোর্ড স্থাপনের অনুমতি রয়েছে। কিন্তু কিছু কিছু বিজ্ঞাপনী প্রতিষ্ঠান নীতিমালা ভঙ্গ করে একশ’ থেকে দেড়শ’ ফুট পর্যন্ত উঁচু বিলবোর্ড স্থাপন করছে। এর ফলে ঝড়-বৃষ্টির সময় তা বিদ্যুত লাইনের ওপর ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে বিজ্ঞাপনী সংস্থাগুলো ডিসিসির কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। সংস্থাগুলোকে নির্দ্দিষ্ট আকৃতির বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হলেও তারা নিয়ম অমান্য করে বিশালাকৃতির বিলবোর্ড স্থাপন করেছে। এভাবে প্রতি বর্গফুটে ১৫০ টাকা রাজস্ব হিসেবে নির্দিষ্ট আকৃতির চেয়ে বড় আকারের বিলবোর্ড স্থাপন করে তারা বিপুল পরিমাণ সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

তিনি আরও জানান, নীতিমালা অনুযায়ী কোন সড়কের মোড় থেকে কমপক্ষে ৫০ মিটার দূরে বিলবোর্ড স্থাপন করতে হবে। এর কম দূরত্বে বিলবোর্ড স্থাপন করা হলে দৃষ্টিসীমা বিভ্রান্ত হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কিন্তু বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো এ নীতিমালা অমান্য করছে।

আগামীতে নিয়মিত এ অভিযান চালানো হবে বলেও মাকসুদুর রহমান জানান।