চৌকস ৪০০ জনকে নিয়ে এ মাসেই পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স
পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে এই মাসেই তৈরি করা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। এই ইউনিটের সদস্যসংখ্যা আপাতত ৪০০ জন।
দু-একদিনের মধ্যেই বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা এই ইউনিট সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে এ তথ্য জানিয়ে বলেছেন, “প্রায় চার বছর ধরে পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট তৈরি করার বিষয়ে আলোচনা চলছিল। এবারই এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই ইউনিটের কোনো বিকল্প নেই।” আরও জানাচ্ছেন অনীকা ফারজানা
তিনি আরও বলেন, “তবে বেশ কিছুদিন আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ (ডিএমপি) স্বল্প পরিসরে কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ শুরু করেছে।”
পুলিশ সদর দপ্তর সুত্র জানায়, কাউন্টার ইন্টেলিজেন্সের আওতায় প্রাথমিক পর্যায়ে বৃহত্তর ঢাকা জেলায় ৩৩টি থানায় পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই দায়িত্ব পালন করছেন ৩৩ জন উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং সহকারি কমিশনার। তারা নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিচ্ছেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের সার্বিক দায়িত্ব পালন করছেন পুলিশ সদর দপ্তরের উপ-মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদ।
কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটে ৪০০ জন পুলিশ সদস্যর মধ্যে চার জন পুলিশ সুপার, আট জন সহকারি পুলিশ সুপার রয়েছেন।
প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী ইউনিট সদস্যরা সরাসরি ইউনিট প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এই ইউনিটের পুলিশ কর্মকর্তারা তাদের সমস্ত দায়িত্ব পালন করবেন গোপনে।
এদিকে পুলিশ সদস্যদের দিয়েই পুলিশের দুর্নীতি-অনিয়ম আদৌ রোধ করা সম্ভব কিনা, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বিশিষ্ট মানবাধিকার কর্মী ও পুলিশ সংস্কারের অন্যতম প্রস্তাবক অ্যাডভোকেট এলিনা খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “কাউন্টার ইন্টেলিজেন্সের সাফল্য নির্ভর করছে সংশ্লিষ্টদের সদিচ্ছা ও আন্তরিকতার ওপর।”
তিনি বলেন,“ এই ইউনিটের সঙ্গে যদি একজন প্রাক্তন বিচারপতি পর্যবেক্ষণ সেলে প্রধান দায়িত্বে থাকেন, তাহলেই পুলিশের অনিয়ম-দুর্নীতি রোধের ওই প্রচেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।”
আইজিপি নূর মোহাম্মদ অবশ্য বলেছেন, “আন্তরিকতা আর সদিচ্ছা নিয়ে কাজ করবে বলে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট পুরোপুরি সফল হবে। এই ইউনিটের সদস্যদের বাছাই করেই নিয়োগ দেওয়া হয়েছে।”
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত পাঁচ বছরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৭৫ হাজার ৩৮৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বরখাস্ত হয়েছেন তিন জন সহকারি পুলিশ সুপার, ২১ জন পরিদর্শক ও ৭৯৬ জন উপ-পরিদর্শক।
