জামালপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
জামালপুরের মাদারগঞ্জ-সরিষাবাড়ি সড়কের মোসলেমাবাদ এলাকায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লাইসেন্সবিহীন দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম জানান, মাদারগঞ্জ থেকে সরিষাবাড়িগামী যাত্রীবাহী একটি ভটভটি মোসলেমাবাদ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী কছির উদ্দিন (৫৫) মারা যান এবং অপর পাঁচজন আহত হয়। নিহত কছির পেশায় গরু ব্যবসায়ী ছিলেন এবং তার বাড়ি মাদারগঞ্জের সিংহদহ গ্রামে।
মাদারগঞ্জ থানা পুলিশ ভটভটি চালক আতিককে আটক করেছে।
জামালপুর-মাদারগঞ্জ সড়ক ও জামালপুর-সরিষাবাড়ি সড়কে তিন শতাধিক লাইসেন্সবিহীন ভটভটির চলাচলের কারণে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
