বর্জ্য ব্যবস্থাপনার সময়সীমা মানতে রাজি নয় বিটিএমএ
বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট (ইটিপি) বসানোর জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মানতে রাজি নয় বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। আগামী ৩০ জুন এই সময়সীমা শেষ হবে।
বিটিএমএ কর্মকর্তারা অবশ্য বলছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মধ্যেই প্রতিটি টেক্সটাইল কারখানায় তারা ইটিপি স্থাপনে আগ্রহী।
সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার এক সভায় তারা তাদের সিদ্ধান্ত পরিবেশ উপদেষ্টাকে জানিয়েছেন। সভায় মন্ত্রণালয়ের সচিব, দায়িত্বশীল কর্মকর্তা এবং বিটিএমএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পরিবেশ ও বন উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম সাংবাদিকদের বলেন, ইটিপি স্থাপনে সবাই আগ্রহী, তবে তাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। সরকার সবার সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সভায় বিটিএমএ এর পক্ষ থেকে বলা হয়, বড় বড় কারখানাগুলোতে এরই মধ্যে ইটিপি স্থাপনের কাজ শুরু হয়েছে। এছাড়া নতুন কারখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের বিধান অনুযায়ী ইটিপিও স্থাপন করা হচ্ছে। তবে অনেক ছোট ছোট কারখানায় দ্রুত ইটিপি স্থাপন সম্ভব নয়।
এসব কারখানায় ইটিপি স্থাপনের জন্য স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
বিটিএমএ সভাপতি আব্দুল হাই সরকার সাংবাদিকদের বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মানা সম্ভব নয়। কারণ শুধু এলসি খুলে কোনো লাভ হবে না। ইটিপির যন্ত্র ও যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানও একইসঙ্গে এত পণ্য সরবরাহ করতে পারবে না। সবার জন্য একইসঙ্গে ক্রয় আদেশ দেওয়াও সম্ভব নয়।
