২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার রাজস্ব কর্মকর্তা এফবিআই প্রশিক্ষণ নেবেন

দেশে বাড়তে থাকা অর্থনৈতিক অপরাধ দমনের জন্য রাজস্ব বিভাগের চার কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে উন্নত প্রশিক্ষণ নিতে পাঠাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার রাতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ প্রশিক্ষণ নেওয়ার জন্য রাজস্ব বোর্ডের চার কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এ প্রশিক্ষণ অর্থনৈতিক অপরাধের আলামত সংগ্রহ, তদন্ত এবং বিচার প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করবে।

রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক মুস্তাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, অপরাধ তদন্ত ও মামলা পরিচালনার জন্য এ চার কর্মকর্তাকে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণনের মেয়াদ এক মাস হবে বলে তিনি জানান।

তিনি জানান, এই প্রথমাবারের মতো রাজস্ব বোর্ড থেকে এফবিআই এর প্রশিক্ষণ নেওয়ার জন্য কর্মকর্তারা যাচ্ছেন।

সিআইসির রুহুল আমিন, তাহমিদ হাসনাত খান ও আবদুল লতিফ এবং বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর (ভ্যাট) শাখার আনোয়ার হোসেন প্রশিক্ষণের জন্য বৃহস্পতিবার রাতে রওনা হচ্ছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর দুর্নীতির সূচকে বাংলাদেশ ২০০৫ সাল পর্যন্ত একটানা পাঁচবার শীর্ষস্থানে ছিল। দেশি-বিদেশি উন্নয়ন বিশেষজ্ঞরা দুর্নীতি বন্ধ করার জন্যই বারবার জোর দিয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির অভিযোগ নিয়ে শীর্ষ রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের আটক করে।

রাজস্ব বোর্ডের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রযুক্তির ওপর ভর করে ব্যবসা কৌশল এবং অপরাধের ধরন বদলে যাচ্ছে বলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এ অভিযান সফল করতে অনেক সমস্যা হচ্ছে।

তিনি বলেন, এ প্রশিক্ষণ রাজস্ব কর্মকর্তাদের অর্থনৈতিক অপরাধ মোকাবেলায় সহায়তা করবে। এ প্রশিক্ষণ সাইবার অপরাধ দমনেও সহায়তা করবে।

উল্লেখ্য এফবিআই অর্থনৈতিক অপরাধ দমন বিভাগ বিভিন্ন ধরনের অর্থনীতি সংক্রান্ত অপরাধ দমনে বিভিন্ন দেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে।