২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক লীগের সভাপতিসহ ৯ জনের মুক্তি

২১ ডিসেম্বর ১৪ দলের আহুত হরতাল কর্মসূচিতে রাজধানীর শ্যামলী এলাকায় ভাংচুর ও পুলিশের গাড়িতে আগুন লাগানোর মামলায় কৃষক লীগের সভাপতি ড. মির্জা আবদুল জলিল (৬৮) সহ নয়জন মুক্তি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট আবদুর রউফ খান।

বিচারক তাঁর আদেশে বলেন, সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হলো।

খালাসপ্রাপ্ত অন্যরা হলেন, আওয়ামী লীগের নেতা ও ৪৩ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল হাসেম হাসু, আওয়ামী লীগের কর্মী নাইম, বারেক, এরশাদ, কবীর হোসেন, হুমায়ুন কবীর, সেকেন্দার আলী ও জামাল।

রায়ে বলা হয়, গত বছরের ২১ ডিসেম্বরে শ্যামলী সিনেমা হলের সামনের ওভারব্রিজের নিচে ১৪ দলের মিছিল থেকে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ ও রাস্তায় সরকারি-বেসরকারি গাড়ি ভাংচুর, প্রতিষ্ঠানের ক্ষতির অপরাধে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল ইসলাম নয়জনের নাম উল্লেখ করে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর মোহাম্মদপুর থানার অপর উপ-পরিদর্শক গোলাম রসুল এ মামলায় নয়জনকে আসামী এবং ৩৭ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচার চলাকালে মোট আটজনের সাক্ষ্য নেওয়া হয়। খালাস প্রাপ্তদের পক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, আশরাফুল হক জর্জ প্রমুখ।