শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে মেলানো ঠিক হবে না: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার বিষয়টি মেলানো ঠিক হবে না। খালেদা জিয়া এমন এক জায়গায় থাকেন যেখানে নিরাপত্তার কড়াকড়ি এমনিতেই বেশি।
শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে প্রায় এক ঘণ্টা মিনিট বৈঠক করে বের হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমানকে সঙ্গে নিয়ে আব্দুল জালিল বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সুধা সদনে ঢোকেন।
শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সুধা সদন থেকে বেরিয়ে জলিল বলেন, “আমরা নেত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিছু দলীয় কথাবার্তা ছিল, সেগুলোও সেরে নিয়েছি।”
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা গতকাল (বুধবার) বলেছিলেন কোনো বাধা-নিষেধ নেই; তা দেখলাম। তবে আমরা দেখেছি মাঝে মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কাউকে কাউকে বাধা দেওয়া হয়েছে। পরে পরিচয় নিশ্চিত করে তাদের ছেড়েও দেওয়া হচ্ছে।”
তিনি আরো বলেন, “খালেদা জিয়া সেনানিবাস এলাকায় থাকেন। ওটা একটা সংরক্ষিত এলাকা। তার সঙ্গে শেখ হাসিনাকে মিলিয়ে বাড়তি কড়াকড়ি আরোপ করা ঠিক নয়।”
এ প্রসঙ্গে আব্দুল জলিল আরো বলেন, “গুলশানে তার (খালেদা জিয়ার) একটি বাড়ি আছে। তিনি সেখানে চলে যেতে পারেন। তারপর সরকার দুই জনের সঙ্গে সমান আচরণ করুক। ওখানকার (শহীদ মইনুল রোড) সঙ্গে এখানকার (সুধা সদন) অবস্থার সমন্বয় শোভনীয় হবে বলে মনে হয় না।”
এর আগে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী থাকেন ড. ওয়াজেদ সাহেবের বাসায়; মুক্ত এলাকায়। আমরা নেতাকর্মীরা আসছি তার সঙ্গে কুশল বিনিময় করতে।”
অনেকেই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারছেন না এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “একবার যখন দেখা করার সুযোগ মিলেছে তখন সবাই দেখা করতে পারবেন।”
আওয়ামী লীগ নেতৃবৃন্দ দুপুর একটা থেকে দেড়টার মধ্যে একে একে সুধা সদন থেকে বের হয়ে যান।
