ঝালকাঠিতে গৃহবধু এসিডদগ্ধ
সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের রাজপাশা গ্রামের হেমায়েত হোসেনের স্ত্রী নার্গিস বেগমকে (২৫) গুরুতর দগ্ধ অবস্থায় বৃহস্পতিবার ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, নার্গিস বেগমকে এসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এতে তার মুখমণ্ডলের বাম পার্শ্ব এবং পিঠের কিছু অংশ ঝলসে গেছে।
চিকিৎসাধীন অবস্থায় নার্গিস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে কবীর হোসেন তাকে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে কবীর তাকে লক্ষ্য করে বোতল থেকে এসিড জাতীয় পদার্থ ছুঁড়ে মারে এবং কবীরের আত্মীয়রা তাকে আটকে রাখে।
বৃহস্পতিবার সকালের দিকে হেমায়েত হোসেন স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে না আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
