কড়াকড়ির মধ্যেও শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন নেতাকর্মীরা
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং শেখ হাসিনার নিকট আত্মীয় ছাড়া অন্যদের সুধাসদনে ঢোকার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
অবশ্য বৃহস্পতিবার সকাল থেকে এই কড়াকড়ির মধ্যেও বেশ কয়েকজন নেতাকর্মী শেখ হাসিনার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বেলা ১২টার দিকে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ মনসুর আহমেদ সুধা সদনে যেতে চাইলে ধানমন্ডি পাঁচ নম্বর সড়কের মুখেই তাকে আটকে দেয় পুলিশ সদস্যরা।
এর আগে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকেও বাধা দেওয়া হয়। তিনি প্রায় ১৫ মিনিট সুধা সদনের সামনে অপেক্ষা করার পর দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ভেতরে ঢুকতে দেন।
যাদের ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে তাদের শুধু বলা হচ্ছে ‘অনুমতি নেই’।
তবে বেলা ১১টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী, সাড়ে ১১টায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বেলা ১২টায় মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. দিপু মনি সুধা সদনে গেলে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়।
