২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ শাহজাহান মিয়ার বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিয়াসহ পাঁচ বিএনপি নেতার বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইদ্রিসীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নূরুল হুদা বুধবার রাতে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ পৌর চেয়ারম্যান শামীম কবির ও বাবুপুর ইদ্রিসীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এনামুল হক।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালে বাবুপুর ইদ্রিসীয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার পর শাহজাহান মিয়া শিক্ষকদের ডেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই বছর ২৬ এপ্রিল নূরুল হুদা আসামী আশরাফুল আলম রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা দিয়ে আসেন। বাকি টাকা সময়মত দেওয়া না হলে এমপিও বাতিল করার হুমকি দেন শাহজাহান মিয়া।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেনিন আলমগীর মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, এ নিয়ে শাহজাহান মিয়ার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মোট চারটি চাঁদাবাজির মামলা হলো।