২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানীর মামলায় আবেদ খানের বিরুদ্ধে অভিযোগ গঠন

ইবনে সিনা হাসপাতালের দায়ের করা মানহানির মামলায় দৈনিক যুগান্তরের তৎকালীন সম্পাদক আবেদ খান, প্রকাশক সালমা ইসলাম ও তৎকালীন প্রতিবেদক প্রতীক ইজাজের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. রফিকুল ইসলাম এ অভিযোগ গঠন করেন।

অন্যদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মুনীর (লাবলু) এর দায়ের করা মানহানির অপর মামলায় যুগান্তরের বর্তমান সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক সালমা ইসলাম, সংশ্লিষ্ট প্রতিবেদক এবং ১৪৯ নম্বর পুরনো এয়ারপোর্ট সড়কের নির্মাণ প্রতিষ্ঠান কামরুজ্জামান খান বাদলকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০০৫ সনের ২৬ নভেম্বর ইবনে সিনা হাসপাতাল এর ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনিসুজ্জামান তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৯ নভেম্বর যুগান্তরের শেষ পৃষ্ঠায় ‘ইবনে সিনার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় যা মানহানিকর।

অন্যদিকে ২০০৬ সালের আগস্ট মাসে আইনজীবী এস এম মুনীর লাবলুর দায়ের করা মামলায় বলা হয়, সে বছরের ৫ জুলাই একই পত্রিকায় ‘রেড ক্রিসেন্ট সোসাইটিতে শাস্তিপ্রাপ্তদের নিয়োগের চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় যা মিথ্যা বানোয়াট ও মানহানিকর।

বুধবার এ দুই মামলার দুই বাদী ও অভিযুক্তদের সবাই আদালতে উপস্থিত ছিলেন।

ইবনে সিনা হাসপাতালের দায়ের করা মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আগামী ১২ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।