২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়িক অংশীদাররাই খুন করেন সাতক্ষীরার জামালউদ্দীনকে, দাবি স্ত্রীর

ব্যবসায়িক বিরোধের কারণেই সাতক্ষীরার পাটকেলঘাটার ব্যবসায়ী জামালউদ্দীনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাকছুরা জামাল। এ জন্য স্বামীর ব্যবসায়িক অংশীদারদের দায়ী করেছেন তিনি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বুধবার সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে মাকছুরা জামাল জানান, তার স্বামীর সঙ্গেই ব্যবসা করতেন খুলনার পাইকগাছা গ্রামের মুজিবর রহমান। তারা দুজন কলারোয়া আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের যৌথ মালিক। ব্যবসা নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। আর এর জের ধরেই হত্যাকাণ্ড হয়েছে।

তিনি দাবি করেন, মুজিবর রহমান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছে। তার আশঙ্কা, তার স্বামীর রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানও তারা দখল করে নিতে পারে।

তিনি বলেন, “কিছুদিন আগে মুজিবর রহমান তার স্বামীকে খুন করার হুমকি দেয়। এ বিষয়ে আমার স্বামী কলারোয়া ও পাটকেলঘাটা থানায় পৃথক দুটি জিডি করেন। এ নিয়ে সাতক্ষীরার ব্যবসায়ী আব্দুল খালেক ও রেজাউল ইসলামের মধ্যস্থতায় সালিশেরও উদ্যোগ নেওয়া হয়।”

গত ৬ মে খুলনা শহরের একটি হোটেল কক্ষ থেকে সোনাডাঙা থানা পুলিশ জামালউদ্দীনের লাশ উদ্ধার করে।