২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদী, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হন তিন জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘর-হাজীবাগান এলাকায় বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজন এবং পরে হাসপাতালে একজন মারা যান। ওই দুর্ঘটনায় আহত হন আরও ১০ যাত্রী।

নিহতরা হলেন, কোরবান আলী (৪৫), মো. আকাশ (৪০) ও আলমগীর (২৫)। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সৈয়দ নগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা: মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী বাজারে একটি মালবাহী ট্রলির ধাক্কায় তাহমিনা খাতুন (৫০) গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ফিংড়ী ইউনিয়নের দমকলকর্মী হাবিবুর রহমান জানান, তাহমিনা সন্ধ্যায় বাজারের প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মালবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়।

মাদারীপুর: শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হন। শিবচর থানা ও হাসপাতাল সূত্র জানায়, শিবচর সেনা ক্যাম্পের একটি দল বুধবার দুপুরে মাদারীপুর থেকে শিবচর ফেরার পথে গাড়িচাপায় নিহত ওই নারীর লাশ রাস্তার পাশে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসে। শিবচর থানার সেকেন্ড অফিসার এ ব্যাপারে তদন্ত করছেন।

ফরিদপুর: বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গা-মাওয়া সড়কের আতাদিতে একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্র্যাক সদস্য আছিয়া বেগম (৪৫) গুরুতর আহত হন। আহত অবস্থায় আছিয়াকে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) নরেশ কর্মকার জানান, খুলনা থেকে ঢাকাগামী বনফূল পরিবহনের একটি যাত্রীবাহী বাস আছিয়া বেগমকে চাপা দেয়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

কুষ্টিয়া: কুষ্টিয়া-পাবনা সড়কের তালবাড়িয়ায় বুধবার বেলা ৩ টার দিকে একটি ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক নিয়ামত হোসেন (৪২) নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিয়ামত হোসেন মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি এখন থানায় রয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহ-ফুলপুর সড়কের বকশীমূল নামে স্থানে বুধবার বাসচাপায় নিহত হয়েছে বকশীমূল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার দিকে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস রুবেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম আজাদ জানিয়েছেন, চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

কুমিল্লা: চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় বাসচাপায় আবদুল হক (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি বাতিশা ইউনিয়নের মদিয়ারা গ্রামে।