২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাদিয়া ও কুতুবদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য সবচেয়ে উপযোগী

দেশে একটি গভীর সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই শেষে সোনাদিয়া দ্বীপ এবং কুতুবদিয়া চ্যানেলকে সবচেয়ে উপযুক্ত উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের প্যাসিফিক ইন্টারন্যাশনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার এক সভায় প্যাসিফিক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নৌ-পরিবহন উপদেষ্টা এম এ মতিন, সচিব শেখ এনায়েতুল্লাহ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সভা শেষে নৌ-পরিবহন উপদেষ্টা সাংবাদিকদের জানান, দেশে একটি গভীর সমূদ্র বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিগত সরকার আমলে জাপানের প্যাসিফিক ইন্টারন্যাশনালকে পরামর্শক নিয়োগ করা হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পয়েন্টে সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে।

এগুলোর মধ্যে আছে-পতেঙ্গা, কুতুবদিয়া চ্যানেল, মহেশখালী চ্যানেল, সোনাদিয়া দ্বীপ, আকরাম পয়েন্ট এবং এলিফ্যান্ট পয়েন্ট। এর মধ্যে ভূমির মান, পানির গভীরতা, ভূমিকম্পের সম্ভাব্যতা, ড্রেজিং ব্যয় ও সুবিধা, নিরাপত্তা এবং সেবা সামগ্রীর সহজলভ্যতার দিকগুলো বিবেচনা করে সোনাদিয়া দ্বীপ এবং কুতুবদিয়া চ্যানেলকে গভীর সমূদ্র বন্দরের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান বলে চিহ্নিত করা হয়েছে।

উপদেষ্টা জানান, বিগত সরকার এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছিল। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ৪২ হাজার কোটি টাকা। দেশীয় পর্যায়ে এ পরিমাণ অর্থের সংস্থান সম্ভব নয়। তাই যদি সরকার গভীর সমূদ্রবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেয়, তবে অবশ্যই বিদেশি সংস্থার সহায়তা নেওয়া হবে।

এক্ষেত্রে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চাওয়া হতে পারে বলে উপদেষ্টা জানান।

প্রকল্পটির মেয়াদ সম্পর্কে উপদেষ্টা এম এ মতিন বলেন, “প্রকল্পটির কাজ শুরু হলে ২০৫৫ সালে এর কাজ শেষ হবে। মোট তিনটি পর্যায়ে এর কাজ হবে। এতে প্রায় ১১ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫৮টি জেটি স্থাপন করা হবে।”

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রথম পর্যায়ের প্রতিবেদন পর্যালোচনার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করে অনুমোদন নেওয়া হবে। অনুমোদনের পর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেবে পরামর্শক প্রতিষ্ঠানটি।”