পুঁজি বাজারে বিনিয়োগকারীদের ভিড়
লেনদেনের দিক দিয়ে বিদ্যুৎ এবং ব্যাংকিং খাতের শীর্ষত্ব বুধবারও বজায় রয়েছে। বিনিয়োগকারীরা ওই দুটো খাতের শেয়ারের প্রতি ঝুঁকে পড়ায় দিনের শুরু থেকেই এর প্রভাব পড়েছে ঢাকা পুঁজি বাজারে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ অন্য দিনের মতোই নেতৃত্ব দিচ্ছে।
তবে দিনের প্রথমভাগে শেয়ার বাজারে চাঙ্গাভাব আসতে না আসতেই বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করার এক ঘন্টার মধ্যে সূচক কাঁটা কিছুটা নিচে পড়ে যায়। কিন্তু দিনের দ্বিতীয়ভাগে আবারও ব্যবসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা নিজস্ব গতি ফিরে পায়।
বেলা ১২টা ৩৬ মিনিটের সময় সাধারণ সূচক ১১ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮২ দশমিক ৯৫। সার্বিক মূল্য সূচক দুই দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৪৯৫ দশমিক ১৮।
সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেন হয়েছে ৫২ কোটি ৩২ লাখ টাকার। মঙ্গলবার দিনশেষে এর পরিমাণ ছিল ৬৬ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেলা ১২টা ২৫ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লেনদেনের দিক দিক দিয়ে এগিয়ে রয়েছে। এরপরেই রয়েছে ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, ডেসকো এবং রূপালী ব্যাংক।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫২৫ টাকা হাঁকা হয়েছে। মঙ্গলবার দিনশেষে যা ছিল ৫১৬ টাকা ২৫ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের ৫৮৭ টাকা থেকে বেড়ে ৬০৮ টাকা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম ৬২১ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৩৮ টাকা ৫০ পয়সা। ডেসকোর শেয়ারের দামও ৭৬১ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৭০ টাকা।
সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংক হস্তান্তর প্রক্রিয়া দেরি হওয়ার আশঙ্কায় এর প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারের ক্ষেত্রেও। এর আগে ব্যাংকটির শেয়ারের মূল্য বাড়তে থাকলেও বুধবার এর দাম ২ হাজার ৪৭ টাকা ২৫ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ টাকায়।
