হাসিনাকে স্বাগত জানাতে গিয়ে মিছিল করায় দুটি মামলা
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মিছিল করার ঘটনায় রাজধানীর বিমানবন্দর এবং ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
বিমান বন্দর থানায় করা মামলায় আওয়ামী লীগের অজ্ঞাত ২/৩ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অন্যদিকে ধানমন্ডি থানায় করা মামলা দলীয় পরিচয় উল্লেখ না করে আসামি করা হয়েছে ৩/৪ হাজার নারী-পুরুষকে।
জরুরি অবস্থায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিছিল করার অভিযোগে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭/৩ ধারায় এ মামলা করা হয়েছে। ধানমন্ডি থানায় মামলা হয়েছে সোমবার রাতে। বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে মঙ্গলবার সকালে।
মামলা হওয়া প্রসঙ্গে মঙ্গলবার রাতে সুধাসদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আগে দেখতে হবে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা এখনো আছে কীনা, তারপর আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব।” তিনি বলেন, মামলার বিষয়টি তিনি সাংবাদিকদের কাছেই প্রথম শুনলেন।
বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফরীদা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, থানার উপ-পরিদর্শক শাহরিয়ার হাসান বাদী হয়ে মঙ্গলবার সকাল আটটায় মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগের অজ্ঞাত ২/৩ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কে জানতে চাওয়া হলে তিনি বলতে পারেননি।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “মামলার বাদীও পুলিশ, তদন্তকারী কর্মকর্তাও পুলিশ। এর বেশি কিছু জানানো সম্ভব নয়।”
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, জরুরি অবস্থা ভঙ্গ করে সোমবার ধানমন্ডি ৩২ নম্বার এবং ছয় নম্বার সড়কে বিক্ষোভ, সমাবেশ এবং মিছিল করার অপরাধে উপ-পরিদর্শক আব্দুল মতিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৩/৪ হাজার নারী-পুরুষকে আসামি করা হয়েছে।
তিনি জানান, উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
