২০০৮ এ নির্বাচন প্রত্যাশা করছি: সিইসিকে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ শেষে মঙ্গলবার বিকালে নির্র্বাচন কমিশনে ফিরে সাংবাদিকদের সিইসি এ কথা জানান।
সাক্ষাৎকালে সিইসিকে রাষ্ট্রপতি বলেন, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তিনিও(রাষ্ট্রপতি) প্রত্যাশা করেন নির্বাচন কমিশন এ সময়ের মধ্যেই নির্বাচন সুসম্পন্ন করতে পারবে।
শামসুল হুদা সাংবাদিকদের বলেন, “নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আমাদের কথা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে আমরা কী কী কাজ করেছি, রাষ্ট্রপতিকে তা জানিয়েছি। এছাড়া কমিশনের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথাও তাকে জানানো হয়েছে।”
কমিশন কী সমস্যা মোকাবেলা করছে- জানতে চাইলে সিইসি বলেন, “ছবিসহ ভোটার তালিকার জন্য আমাদের ল্যাপটপ কম্পিউটারসহ অনেক যন্ত্র কিনতে হবে। এ জন্য প্রচুর অর্থ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “১৮ মাসের মধ্যেই ভোটার তালিকার কাজ শেষ করার বিষয়ে আমরা দৃঢ় আশাবাদী। তবে এর আগেও হয়তো কাজ শেষ করে ফেলতে পারবো।”
তবে আলোচনায় ঘরোয়া রাজনীতি প্রত্যাহার করার বিষয়টি জায়গা পায়নি বলে জানান সিইসি।
তিনি জানান, ঘরোয়া রাজনীতি শুরু না হলেও নির্বাচনী আইন সংস্কার করার প্রক্রিয়াসহ কমিশনের অন্যান্য কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।
আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য মাস খানেক আগে সরকারকে ঘরোয়া রাজনীতি প্রত্যাহার করার অনুরোধ জানান সিইসি। সে বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, “আমরা তো সরকারকে এ জন্য অনুরোধ করেছি; তারা যখন মনে করবেন, তখন করবেন। এর মধ্যে আমাদের কার্যক্রমও চলবে।”
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও সিইসির সঙ্গে ছিলেন। বৈঠক শেষে তারা রাষ্ট্রপতির নিমন্ত্রণে বঙ্গভবনে মধ্যাহ্ন ভোজেও যোগ দেন।
