ঝিনাইদহে ২ বাংলাদেশিকে অপহরণ করেছে বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে।
তারা হচ্ছেন বাঘাডাঙ্গা জিনজিরা পাড়ার ওসমান মল্লিকের ছেলে হানিফ মল্লিক ও আবদুল খালেকের ছেলে মনিরুল ইসলাম।
বিডিআর এর চুয়াডাঙ্গার ৩৫ ব্যাটালিয়নের কমাণ্ডিং অফিসার মীর মোতাহার হাসান জানান, সকাল ৭টায় জিরো লাইনের কাছে ধান কাটতে গেলে ভারতের নদীয়া জেলার রামনগর ক্যাম্পের বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
দুই বাংলাদেশি নাগরিক অপহরণের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি অপহৃতদের ফেরত দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়াও তাদেরকে পতাকা বৈঠকে আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যণ্ত কোন সাড়া পাওয়া যায়নি বলে জানান ওই বিডিআর কর্মকর্তা।
