২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছেন হামিদ কারজাই

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের আমন্ত্রণে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 12:53 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আফগানিস্তানের রাষ্ট্রদূত আহমেদ করিম নওয়াবী। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা দিল্লিতে সার্ক সম্মেলনের সময় হামিদ কারজাইকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার এই আমন্ত্রণেই কারজাই বাংলাদেশ সফরে আসছেন।”

আফগানিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইফতেখার আহমদ চৌধুরী।

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন খাতের দক্ষ শ্রমিকরা আফগানিস্তান পূর্নগঠনে কাজ করবে। তবে কবে এবং কীভাবে জনশক্তি পাঠানো হবে তা এখনো ঠিক হয়নি।

এর আগে কোরিয়ার রাষ্ট্রদূত সুক বাম পার্ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন।