জামিনে মুক্ত হলেন সিলেটের মেয়র কামরান
সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সকাল সাড়ে আটটার দিকে ‘কিচেন মার্কেট’ সংক্রান্ত মামলায় মুক্তি পাওয়ার পর তিনি তার স্ত্রীসহ সিলেটে রওনা হন। দুপুরে সিলেটে তাকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগ নেতা আবদুল খালিক মায়ন, কমিশনার মখলিছুর রহমান কামরান ও মো. মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় মেয়র কামরান তার গ্রেপ্তারের পর সব মহলের সহযোগিতা ও খোঁজ খবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ আমাকে যে আমানত দিয়েছে তা সব সময় সমুন্নত রাখার চেষ্টা করব।
মেয়র জানান, কারাগারে কুরআন তেলাওয়াত ও ধর্মীয় পুস্তক পড়েই সময় কাটতো তার। এ ছাড়া তার ওয়ার্ডে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতিও করতেন তিনি।
বদরউদ্দিন কামরান জানান, তিনি আজ (মঙ্গলবার) শাহজালাল ও শাহপরান এর মাজার এবং নিজের বাবার কবর জেয়ারত করবেন।
মামলা প্রসঙ্গে তিনি বলেন, ২০০৩ সালে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক মাস পর কিচেন মার্কেট সংক্রান্ত ওই মামলা হয় এবং ২০০৭ সালে মামলার চার্জশিট দাখিল করা হয়।
ওই মামলায় গত ৫ এপ্রিল মেয়র কামরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং পরদিনই গ্রেপ্তার হন তিনি।
