২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন হত্যাকাণ্ড: জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন আপাতত হচ্ছে না

২৮ অক্টোবর পল্টনে ছাত্রমৈত্রী কর্মী রাসেল হত্যা মামলায় মতিউর রহমান নিজামীসহ ১০ জামায়াত নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন আপাতত হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 10:29 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ গঠন স্থগিত করার জন্য সোমবার একটি রিভিশন আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ মোমিনউল্লাহ আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করে ২৩ মে মূল শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

আবেদনটির মূল শুনানি শেষ হওয়ার পরই অভিযোগ গঠনের বিষয়টি নিস্পত্তি করবে আদালত।

অভিযোগ গঠনের বিষয়টি আপাতত স্থগিত রাখা হলেও মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের নির্ধারিত তারিখে অভিযুক্ত ১০ জনকে আদালতে হাজিরা দিতে হবে। একই সঙ্গে তাদেরকে এই বিচারকের কাছ থেকে আবার জামিন নিতে হবে। এর আগে তারা মামলার অভিযোগ দাখিলের আগেই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।

রিভিশন আবেদনের শুনানিতে বলা হয়, “২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের ব্যাপারে দুটি মামলা হয়। জামায়াতের পক্ষে দায়ের করা হত্যা মামলার বাদি পল্টন থানা জামায়াতের আমির এটিএম সিরাজুল হক আওয়ামী লীগের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। তাই এ দুটি মামলার বিচার একসঙ্গে এক আদালতে না হলে ন্যায়বিচার ব্যহত হতে পারে। এক্ষেত্রে, আওয়ামী লীগের দায়ের করা মামলাটির অধিকতর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি স্থগিত রাখা হোক।”

২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের করা এ দুটি হত্যা মামলার অভিযোগ দাখিল করা হয় ১১ এপ্রিল। ২২ এপ্রিল অভিযোগ গ্রহণ করা হয়। তবে আওয়ামী লীগসহ ১৪ দলের দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং মামলায় পলাতক দেখানো শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। আগামী ৮ মে ওই মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।