সালাউদ্দিন তিনদিন ও জঙ্গি তাসমীম সাতদিনের রিমান্ডে
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহম্মেদকে গাড়ির কাগজপত্র জালিয়াতির মামলায় তিনদিন এবং সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য আবদুল্লাহ আল আল তাসমীমকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার মূখ্য মহানগর হাকিম আদালত ও মহানগর হাকিম আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
কাগজপত্র জাল করে তিনটি গাড়ি ব্যবহারের অভিযোগে গুলশান থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. ফারুক হোসেন সালাউদ্দিন আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চান। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন তিনদিন মঞ্জুর করেন।
গত ১ এপ্রিল সালাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, সালাউদ্দিন আহমেদের গুলশানের বাসা থেকে জাল কাগজপত্রসহ তিনটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। জাল কাগজপত্রসহই তিনি ও তার স্ত্রী গাড়িগুলো ব্যবহার করে আসছিলেন।
এদিকে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেএমবি সদস্য তাসমীমকে সাতদিনের রিমান্ড শেষে সোমবার আদালতে হাজির করা হয়। তাকে সিপিবি সমাবেশে বোমা হামলার ঘটনায় মতিঝিল থানার মামলায় ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানান ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ।
শুনানি শেষে মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এম এ সালাম সাতদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
