২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর জামিন আবেদন ফের নাকচ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর জামিনের আবেদন সোমবার আবারো প্রত্যাখ্যান করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:43 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ এন এম বশির উল্লাহ একটি চাঁদাবাজির মামলায় তার জামিনের আবেদন নাকচ করেন।

রাঙ্গুনীয়া থানায় জনৈক জসিম উদ্দিনের দায়ের করা মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানান সাকা চৌধুরীর আইনজীবীরা। আদালত শুনানি শেষে সাবেক এই সাংসদের জামিনের আবেদন নাকচ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

গত ১৯ মার্চ রাঙ্গুনীয়া উপজেলার লালানগরের জসিম উদ্দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

এজাহারে তিনি বলেন, ২০০০ সালের ৩১ ডিসেম্বর সাকা চৌধুরীর ক্যাডাররা তার কাছ থেকে চাঁদা দাবি করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়।

মামলায় সাকা চৌধুরীসহ ১৪ জনকে আসামি করা হয়।

সাকা চৌধুরীর পক্ষে জামিনের আবেদন জানান এডভোকেট আহসানুল হক হেনা।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি কফিল উদ্দিন চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আদালতে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেছে। কেননা আসামি একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।”