২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীর বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও ফেনীর সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। মঙ্গলবার যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে।

শেষদিনে সাক্ষী দেন দুর্নীতি দমন কমিশনের বার্তা বাহক কনস্টেবল খোরশেদ আলম।

এর আগে ২৩ এপ্রিল থেকে মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যেই মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. শফিকুর রহমান ভূঁইয়া, হাজারীর ছোট বোন খোদেজা বেগম, তার ভাতিজা পৌর কমিশনার টিটু হাজারী এবং প্রতিবেশী ও অফিস স্টাফ মালেক পাটোয়ারির সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

হাজারী পলাতক থাকায় তার পক্ষে কোন আইনজীবী নিয়োগ করা হয়নি।

নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে সম্পদের হিসাব না দেওয়ায় গত ৮ এপ্রিল ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করে দুদক।