২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস মঙ্গলবার

বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস ৮ মে মঙ্গলবার। এবার দিবসটির প্রতিপাদ্য মানবতার জন্য ঐক্য (Together for Humanity)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিন ৮ মে রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়। এবার ডুনান্টের ১৭৯ তম জন্মদিন পালন করা হবে। বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনটি পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা দিনব্যাপী কর্মসূচির কথা তুলে ধরেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, কোষাধ্যক্ষ এসএম মুনীর লাবলু, মহাসচিব ম. শফিউল আলম প্রমুখ।

তারা জানান, সোসাইটির জাতীয় সদরদপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে সকাল ৭টায়। সাড়ে ৭টায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রেসক্লাবে এসে শেষ হবে। সকাল ১০টায় সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে।

সাড়ে ১০টায় চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে রয়েছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রদর্শনী। বেলা ১২টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে। বিকেল ৪টায় হলিফ্যামিলি মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জিন হেনরি ডুনান্ট যুদ্ধাহতদের সেবা দেওয়ার জন্য রেড ক্রিসেন্ট গড়ে তুলেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি তার কর্মপরিধি বাড়িয়ে এখন বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। কেবল যুদ্ধাহত নয়, পৃথিবীর যেখানেই যুদ্ধ, সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো বিপর্যয় সেখানেই আর্ত মানবতার সেবায় নিয়োজিত। পাশাপাশি মানবিকতার বিপর্যয় ঠেকাতেও সংগঠনটি কাজ করছে।