২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চেয়ারম্যান ও কমিশনারসহ আটক ৪

দরপত্রে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে যৌথবাহিনী সোমবার পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান হাবিবুর রহমান মালেক, পৌর কমিশনার জাহিদ হোসেন পিরুসহ চারজনকে আটক করেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 02:46 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার বেলা ১১ টা ২৫ মিনিটে শহরের হাসপাতাল সড়ক থেকে যৌথ বাহিনী পৌর চেয়ারম্যান হাব্বিুর রহমান মালেক এবং তার সঙ্গে থাকা পৌর কমিশনার জাহিদ হোসেন পিরুকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়।

ঠিকাদার প্রতিষ্ঠান বলেশ্বর কনসোর্টিয়ামের ব্যবস্থাপক সিরাজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সেনা সদস্যরা চেয়ারম্যানকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। এর বেশিকিছু তিনি জানেন না।

জানা গেছে, দীর্ঘদিন পৌরসভায় অনুপস্থিত থাকার পর চেয়ারম্যান রোববার রাতে পিরোজপুরে আসেন এবং সোমবার অফিস করেন। বেলা সোয়া ১১ টার দিকে তিনি পৌরসভা থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় যাওয়ার পথে যৌথবাহিনী তাকে আটক করে।

পিরোজপুর সেনা ক্যাম্পের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটক চেয়ারম্যানের বিরুদ্ধে পৌরসভায় দরপত্রে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রায় তিন মাস ধরে তিনি পলাতক ছিলেন।

এদিকে যৌথ বাহিনী সোমবার সকালে অপর এক অভিযানে সদর উপজেলা কমপ্লেক্স এলাকা থেকে রাজু (২৩) ও জাকির (৩০) নামে দুই চাঁদাবাজ ও টেন্ডারবাজকে আটক করেছে। আটক রাজু জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রানার ছোট ভাই।