বিচার বিভাগ আলাদা করার শুনানি সোমবার
বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত মামলার শুনানি হবে সোমবার। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করবেন।
গত ১৬ এপ্রিল সরকারের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সরকারকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া শেষ করতে শেষবারের মতো তিন সপ্তাহ সময় দিয়েছিল। পুরো কাজ শেষ করে ৭ মের মধ্যে তা আদালতে জমা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। পে কমিশন বিধিমালার সংশোধনী চূড়ান্ত না করতে পারার কথা বলে সরকার আদালতের কাছ থেকে সময় নিয়েছিল।
সরকার রোববার পে কমিশন বিধিমালার সংশোধনী গেজেট আপিল বিভাগে জমা দিয়েছে। গত ২৬ এপ্রিল পে কমিশন বিধিমালার সংশোধনী গেজেটে প্রকাশ করে সরকার ।
