২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার ওপর চাপ’ চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি সোমবার

টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অঘোষিতভাবে গৃহবন্দি করে রাখা এবং তাকে বিদেশ যেতে চাপ দেওয়ার অভিযোগে দায়ের করা আবেদনের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানির কথা থাকলেও তা হয়নি।

বিকাল ৫টায় দুই বিচারপতি এজলাস ত্যাগ করার মুহুর্তে আদালতের কর্মকর্তারা মামলাটির শুনানির জন্য ক্রমিক নম্বর ডাকলে আদালত জানায় মামলার শুনানি হবে সোমবার ।

আবেদনকারী অ্যাডভোকেট ওয়াদুদ খন্দকার বলেন, বিষয়টি খুবই জরুরি। তিনি মামলাটিকে সোমবারের কার্যতালিকার প্রথমে রাখার অবেদন জানালে আদালত তা গ্রহণ করেন।

খালোদা জিয়াকে কথিত অন্তরীণ অবস্থা থেকে মুক্তি, বিদেশে যেতে চাপ না দেওয়া, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল ওয়াদুদ খন্দকার গত ৩০ এপ্রিল মামলাটি দায়ের করেন।